সুন্দরগঞ্জে নানা আয়োজনে এমপি লিটনকে স্মরণ
প্রথম মৃত্যুবার্ষিকীতে গাইবান্ধার সুন্দরগঞ্জে ফুলেল শ্রদ্ধা ও স্মৃতিচারণে স্মরণ করা হচ্ছে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে।
রোববার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরানখানি, শোক পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ, লিটনের কবরে পুস্পস্তবক অর্পণ ও তার বাড়িতে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাড়িতে গুলিতে নিহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের এ সংসদ সদস্য।
এ ঘটনায় লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলি বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে এ বছরের ৩০ এপ্রিল আটজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে এখনও মামলায় অভিযোগ গঠন হয়নি।
তবে হত্যা মামলার মূল অভিযুক্ত একই আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খানসহ সাত আসামি কারাগারে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, মামলার অভিযোপত্রভুক্ত আট আসামির মধ্যে সাতজন কারাগারে রয়েছেন। এক আসামি পলাতক রয়েছেন।
পলাতক চন্দন কুমারকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করা হয়েছে এবং তার অনুপস্থিতিতেই বিচার শুরুর জন্য নথি আগামী ৭ জানুয়ারি গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হবে বলে আদালত পরিদর্শক মিজানুর রহমান মিজান জানান।
এমপি লিটনের মৃত্যুর পর তার আসনে উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ জয়ী হন। কিন্তু দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর তিনিও মৃত্যুবরণ করেন। বর্তমানে আসনটি আবারও শূন্য রয়েছে।
