২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাওনা টাকা চাওয়ায়’ মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

‘পাওনা টাকা চাওয়ায়’ হবিগঞ্জের বাহুবলে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে ক্ষতবিক্ষত করার ঘটনা ঘটেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 04:49 PM

Updated : 12 Apr 2022, 01:00 AM

উপজেলার মিরপুর এলাকায় শনিবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত আব্দুর রহমানকে (৬৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুর রহমান জেলার চুনারুঘাট উপজেলার গুলগাও গ্রামের মৃত হাজী আব্দুস সাত্তারের ছেলে এবং মিরপুর এলাকার বাসিন্দা।

এলাকার লোকজন জানান, সকাল ১০টার দিকে আব্দুর রহমান মিরপুর থেকে গুলগাও গ্রামে যাচ্ছিলেন। পথে বশিনা এলাকায় মিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালের সঙ্গে তার দেখা হয়।

আব্দুর রহমানের সঙ্গে থাকা তার ছোট ছেলে সাজিদুর রহমান পাভেল (২০) বলেন, এ সময় আব্দুর রহমান ওই সাবেক চেয়ারম্যানের কাছে তার পাওনা টাকা চান। এতে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান ফোন করে কয়েকজনকে ডেকে আনেন।

সাজিদুর বলেন, চেয়ারম্যান ও তার লোকজন তার বাবাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। বাধা দিলে তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন বলে জানান তিনি।

এ ব্যাপারে বাহুবল থানার ওসি মাসুক আলী বলেন, “এক মুক্তিযোদ্ধাকে মারধরের বিষয়টি শুনেছি। তবে তাকে চেয়ারম্যান বা কারা মারধর করেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তদন্তের পর বোঝা যাবে কী কারণে এবং কারা তাকে মারধর করেছে।”

এখনও লিখিত অভিযোগ পাননি জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলেই আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে সাবেক চেয়ারম্যান আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ওই মুক্তিযোদ্ধাকে মারধর করিনি।তিনি আমার বাড়ি এসে আমার মা-বাবাকে গালাগাল দিয়েছেন। পরে আমার পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছে।”