ছয় নারীকে ধর্ষণ: সেই ছাত্রলীগ নেতার জবানবন্দি
শরীয়তপুরে ছয় নারীকে ধর্ষণ ও ওই ঘটনার ভিডিও ছড়ানোর মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আরিফ হোসেন হাওলাদার আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
বুধবার শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম মুজাহিদুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন।
ভেদরগঞ্জ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, বুধবার তাকে আদালতে হাজির করা হয়। আরিফ হাওলাদার ভিডিও ছড়ানোর কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
আদালত পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, আসামি আরিফ হোসেন হাওলাদার গোপন ক্যামেরায় ছয় নারীর অশ্লীল ভিডিও ধারণ এবং ওই ভিডিও ছড়ানো কথা আদালতে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
গোপন ক্যামেরায় অশ্লীল ভিডিও ধারণ করার পর ফাঁদে ফেলে কলেজছাত্রী ও গৃহবধূসহ ছয় নারীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে আরিফের বিরুদ্ধে।
মামলায় অভিযোগ করা হয়, আরিফ হোসেন বিভিন্ন সময় ফাঁদে ফেলে ছয় নারীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ওই ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ভিডিওগুলো প্রকাশের ভয় দেখিয়ে তিনি তাদের আবার ধর্ষণ করেন। এ ছয় জনের মধ্যে এক গৃহবধূ রয়েছেন, যার নগ্ন ছবি ধারণ করে তা প্রকাশের হুমকি দিয়ে আরিফ তাকে ধর্ষণ করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১০ নভেম্বর সন্ধ্যায় সাইফুল ইসলাম নামের এক যুবকের আইডি থেকে প্রথমে ছয় নারীর সঙ্গে আরিফের আপত্তিকর ছবি ছড়ানো হয়। এরপর ওই দিন রাত ৮ট ৪০ মিনিটে এবং রাত ৮টা ৪২ মিনিটে রাজিব মাদবরের আইডি থেকে আরও দুইটি ভিডিও আপলোড করা হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক নারী বাদী হয়ে ১১ নভেম্বর আরিফ হাওলাদারের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় মামলা করেন।
এ ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে জেলা ছাত্রলীগ ১১ নভেম্বর আরিফকে সংগঠন থেকে বহিষ্কার করে।
