নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের সড়ক অবরোধ
গাজীপুরের একটি কলেজের উচ্চ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য অন্তত দেড়শ শিক্ষার্থী ফরম পূরণের দবিতে সড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার শ্রীপুরের মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অবরোধ করেন।
এ সময় মাওনা-কালিয়াকৈর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এর আগে এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। এবারও এ সুযোগ দেওয়ার জন্য তারা আন্দোলন করছেন।
মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল খায়ের বলেন, গত বছরের অকৃতকার্যসহ মোট ৪৮১ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৯০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। গ্রেস দেওয়ার পর প্রায় তিনশ শিক্ষার্থী কৃতকার্য হয়।
“কলেজ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক অকৃতকার্য শিক্ষার্র্থীদের ফরম পূরণের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এজন্য কলেজ পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারে।”
কলেজ পরিচালনা পরিষদের সদস্য কামাল ফকির বলেন, অকৃতকার্য শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করে। পরে অধ্যক্ষ পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনেন।
“ঘণ্টাখানেক পর কিছু উচ্ছৃঙ্খল ছেলে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে আবার কলেজ ক্যাম্পাসের বাইরে মাওনা-কালিয়াকৈর সড়কে পটকা ফাটিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে।”
শ্রীপুর থানার এসআই নাজমুল হাসান বলেন, শিক্ষার্থীরা থেমে থেমে সড়কে অবরোধ সৃষ্টির চেষ্টা করেছে। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে দুপুর দেড়টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
