২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পরিছন্নতা কর্মীর পায়ের রগ কর্তন

গাজীপুরের কাপাসিয়ায় এক পরিছন্নতা কর্মীকে কুপিয়ে জখম করে দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 04:53 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের পশ্চিম বেপারী বাড়ির গাঙপাড় এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

চরপাবুর এলাকার অলিউল্লাহ সরদারের ছেলে আহত ওসমানকে (২৫) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি কাপাসিয়া ইউনিয়ন পরিষদের পরিছন্নতা কর্মী।

পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ভাষ্য।    

ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে মোবাইল ফোনে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, চলতি বছরের জুন মাসে পাবুর গ্রামের এক ব্যক্তি ও তার কয়েকজন সহযোগী ওসমানের পথরোধ করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় থানায় মামলা হলে তাদের মধ্যে একজন একমাস কারাভোগও করেন।

এর জেরে সোমবার রাতে ওসমানকে একা পেয়ে ৫/৬ জন ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে জানান তিনি। ।

সেলিম বলেন, ওসমানকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেন।

“ওসমানের দুই পায়ের হাটুর নিচে পাঁচটি, হাতে ও গলায় আঘাত লেগেছে এবং দুই পায়ের রগ কেটে গেছে।” বলেন তিনি।

ওসমান দুই বছর ধরে কাপাসিয়া ইউনিয়ন পরিষদে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেছে জানিয়ে পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান বলেন, হামলাকারীরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আগে তাদের বিভিন্ন অপরাধের বিচারও তিনি করেছেন। 

ওসি আবু বকর বলেন, “ওসমানের বন্ধুরা তাকে কুপিয়েছে।তারা সবাই মাদকসেবী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার এসআই হেলাল উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওসমানকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে এ ঘটনায় জড়িত হিসেবে সোহান নামে এক ব্যক্তির জড়িত থাকার কথা জানা গেছে।

অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।