২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নতুন ইভিএম নিয়ে উচ্ছ্বাস

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের একটি ওয়ার্ডে নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে উচ্ছ্বসিত ভোটাররা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 12:24 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

পুরনো খবর:

রংপুরের রোকেয়া কলেজ কেন্দ্রে ভোট ইভিএমে
রংপুরের পরিস্থিতি অনুকূলে: সিইসি

বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার তথ্য যাচাই করার পর বোতাম টিপে নির্ধারিত প্রতীকে স্বল্প সময়ে ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না বলে বলে জানিয়েছেন ভোটার ও ইসি কর্মকর্তারা।

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের ছয়টি বুথে ইভিএমে ভোট হচ্ছে। ওই ছয় বুথে ভোটার রয়েছেন ২ হাজার ৫৯ জন।

সকাল ৮টায় ভোট শুরুর সময় শীতের মধ্যে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইনও দীর্ঘ হতে থাকে। 

২০১২ সালের সিটি নির্বাচনেও রংপুরে বুয়েটের তৈরি পুরনো ইভিএমে স্বল্প পরিসরে ভোট হয়েছিল। সেই প্রকল্প পরে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সহযোগিতায় ইসির নিজস্ব উদ্যোগে তৈরি নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রথম পরীক্ষা রংপুরেই হচ্ছে।

বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজহারুল ইসলাম দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি কেন্দ্রে  ইভিএমে ভোট হচ্ছে বলে সবার নজর রয়েছে এখানে। সব ঠিকঠাক যাতে হয়, সেজন্য আগে মহড়াও দেওয়া হয়েছে। ভোটারদের মধ্যে ইভিএম নিয়ে উচ্ছ্বাস দেখছি। প্রথম দেড় ঘণ্টায় ২১০ জন ভোট দিয়েছেন।”

এই কেন্দ্রে ভোট দিতে আসা ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাহফুজুর রহমান ইভিএমে ভোট দিয়ে খুবই খুশি।

কেন্দ্র থেকে বের হয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ খুব ভালো লেগেছে ইভিএমে ভোট দিয়ে। এখানে ভুলের বিষয় নেই। সুন্দর প্রযুক্তি, সবখানে চালু করতে পারলে ভালো হবে।”

তিনি জানান, কেন্দ্রে গিয়ে তাকে এনআইডি দেখাতে হয়েছে। ভোটার নম্বর খুঁজে তা যাচাই করা হয়েছে। এরপর আঙুলের ছাপ পরীক্ষা করেছেন ভোটগ্রহণ কর্মকর্তারা।

“ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর ইভিএমের কাছে গিয়ে বাটন চেপে ভোট দিলাম। ব্যালট ইউনিটে প্রতীকও দেখা গেল। যে প্রতীকের বাটনে চাপ দেবেন, সেখানে সবুজ বাতি জ্বলবে। কোনো সমস্যা হয়নি।”

মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে একটি করে ভোট দিয়েছেন বলে জানান মাহফুজুর ।

এই কেন্দ্রের ভোটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আনজুম আরা বেগম বলেন, “এই প্রথম ইভিএমে ভোট দিলাম, খুব ভালো লাগল। বাইরে অনেকের বিভ্রান্তি ছিল। ভেতরে এসে দেখলাম কোনো ঝামেলা নেই।”

শফিকুল ইসলাম নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী ভোট দেওয়ার পর বললেন, “লেখাপড়া বেশি করি নাই, তাই যন্ত্রে ভোট দিতে ভয় লাগছিল। কিন্তু আঙ্গুলের ছাপ দেওয়ার পর একজন আমাকে দেখিয়ে দিল। আমার ভোট দিলাম খুব সহজেই।”

ইভিএম-এ ভোটগ্রহণ কার্যক্রম তদারক করতে এই কেন্দ্রে আছেন এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখন পর্যন্ত সমস্যা দেখা দেয়নি। বিকল্প হিসাবে ব্যালট পেপারও রয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।”

ভোটের আগের দিন বুধবার সিইসি নূরুল হুদা বলেছিলেন, “রংপুরে গোটা তিনেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা ছিল। সম্পূর্ণভাবে সিকিউরড হলেই এটা ব্যবহার করা হবে।”

সেই সংশয় কাটিয়ে মাঠ পর্যায়ে ইভিএম ব্যবহার শুরু করতে পারায় সন্তোষ প্রকাশ করেন সাইদুল ইসলাম।

ইভিমে ভোট গণনারও ঝামেলা নেই। ভোটগ্রহণ শেষে বিরতি দিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলেই প্রিজাইডিং অফিসার ফল ঘোষণা করতে পারবেন।