যে কণ্ঠে কবিতা ধারণ করে সে অন্যায় করতে পারে না: নূর
যারা কণ্ঠে কবিতা ধারণ করেছে তারা কোনো অন্যায় করতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনী ভাংগা গ্রামে শনিবার দুপুরে লেখক পল্লী ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “যে ছেলেটি বা মেয়েটি তার কণ্ঠে কবিতা ধারণ করেছেন তিনি সমাজে সেখানেই থাকুন না কেন তিনি কখনও অন্যায় করতে পারেন না।”
“লেখক ও কবিদের ক্ষেত্রে আমার এ বিশ্বাসের জায়গাটা এমনি সুদৃঢ় যে- এ মানের লোক যেখানে থাকবেন সেখানে তারা আলোচ্য হবেন, সমাজ অলোকিত হবে, আমাদের নতুন প্রজন্ম আলোকিত হবে এবং আমাদের সমাজে যে অন্যায় অবিচার আছে সেগুলো ক্রমশ দূরীভূত হবে। ”
তিনি বলেন, “দশ বছরের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ। সেটা আমরা প্রত্যক্ষ করছি। তবে একটা বিষয় নিয়ে আমার আশঙ্কা সব সময় আছে, সেটা হল যানজট।”
“দেশে ভাঙ্গচোরা কিংবা মাটির রাস্তা হয়তো একদিন থাকবে না। কিন্তু গাড়ির সংখ্যা যেভাবে বাড়ছে, এক সময় হয়ত দেখা যাবে আমরা গাড়িতেই বসে আছি, গাড়ি থেকে নামতে আর পারছি না। এ যানজট পরিস্থিতির উন্নতি হবে কি- না তা জানি না।”
কবি অনিকেত শামীমের সভাপতিত্বে অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও লেখক শিহাব শাহরিয়ার, কুতুব হিলালী, সংসদ সদস্য কবি কাজী রোজী, মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফসহ অন্যান্যরা।
