২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দিরা গাইলেন বঙ্গবন্ধুর গান

বিজয় দিবসে কাশিমপুরের একটি কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে কর্তৃপক্ষ, যেখানে বন্দিরা দেশাত্মবোধক ও বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছেন।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2017, 07:20 PM

Updated : 19 Aug 2022, 06:11 PM

শনিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ গানের এ আয়োজন করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। কিন্তু কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কোনো অনুষ্ঠান ছিল না।

তবে তিন কারাগারেই বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজয় দিবস উপলক্ষে এ কারাগারে বন্দিদের বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন কারাবন্দি দুই মুক্তিযোদ্ধা। তাদের একজন হলেন গাজীপুরের শামসুল হক। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত গান পরিবেশন করেন। পরে তার সঙ্গে অন্য বন্দিরাও কণ্ঠ মেলান।”

এছাড়াও সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্দিরা দেশাত্মবোধ গান পরিবেশন করেন বলে জানান সুব্রত বালা।

এ কারাগারে বিভিন্ন মামলার প্রায় এক হাজার তিনশ বন্দি রয়েছেন, যাদের মধ্যে ৮৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে তিনি জানান।

কারাগার-২-এর সুপার প্রশান্ত বণিক কুমার জানান, তার কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল না। তবে বন্দিদের সঙ্গে স্বজনদের স্বাক্ষাৎ এবং তাদের আনা রান্না করা খাবার সরবরাহ করতে দেওয়া হয়েছে।

“বিকালে কারা কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।”

এ কারাগারে আড়াই হাজারের মতো বন্দি রয়েছেন, যাদের মধ্যে দেড়শর মতো ফাঁসির আসামি রয়েছেন বলে তিনি জানান।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিজয় দিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান ছিল না বলে জানিয়েছেন কারাগারের জেলার বিকাশ রায়হান।

এই কারাগারে শীর্ষ সন্ত্রাসীসহ বিভিন্ন ধরনের প্রায় এক হাজার আট শতাধিক বন্দি রয়েছেন, যদের মধ্যে ছয় শতাধিক আছেন ফাঁসির আসামি।

বিজয় দিবসে তিনটি কারাগারেই বন্দিদের মাঝে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সকালে পায়েশ-মুড়ি, দুপুরে সাদা ভাত-আলুর দম ও রুইমাছ এবং রাতে পোলাও, মাংস, সালাদ, শীতল পানীয়, মিস্টি, পান-সুপারি দেওয়া হয়।