২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে কুপিয়ে হত্যা, আটক ১

ঠাকুরগাঁও সদর উপজেলায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় তার প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2017, 02:43 PM

Updated : 19 Aug 2022, 06:11 PM

সদর থানার এসআই নবিউল ইসলাম জানান, শনিবার বেলা ১২টার দিকে উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদ্রাসা বাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান (৪০) রহিমানপুর গ্রামের নেন্দু মোহাম্মদের ছেলে।

এসআই নবিউল প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, আনিসুর বাজারে গেলে তার প্রতিবেশী সুজন আলী (২৫) আকস্মিকভাবে পেছন দিক থেকে ধারালো ছোরা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। এতে তার মৃত্যু হয়।

“পরে সুজন নিজেও নিজের শরীর কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সুজনকে আটক করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে এসআই নবিউল বলেন, সুজন মাদকাসক্ত বলে এলাকাবাসীর ভাষ্য। পুলিশ ঘটনা তদন্ত করছে।

আটক সুজন নিহত আনিসের প্রতিবেশী সুলতান আলীর ছেলে।