টঙ্গীতে দুই ভাই খুন
গাজীপুরের টঙ্গীতে দুই চাচাত ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল অস্ত্রধারী।
মঙ্গলবার রাতে দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান।
নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৫) ও তার চাচাত ভাই একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আসিফুর রহমান মিম (২৭)।
ওসি ফিরোজ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সন্ধ্যা ৭টার দিকে দত্তপাড়ার মাতব্বর বাড়ি এলাকায় বিপিএলের খেলা দেখছিলেন এ দুই ভাই।
“এ সময় অতর্কিতভাবে তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা আক্তার হোসেন ও আসিফুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনিরা বেগম বলেন, আক্তার হোসেন ও মিমের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ এ হামলা চালিয়ে থাকতে পারে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে বলে ধারণা করা হচ্ছে, ওসি বলেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ দুই বছর আগে তারা প্রবাস থেকে ফিরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। মাদক ব্যবসায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।”
