শরীয়তপুরে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত
শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার রাতে উপজেলার ডিএম খালী ইউনিয়নে দেওয়ান কান্দি গ্রামের এ ঘটনা ঘটে বলে সখিপুর থানার ওসি মঞ্জুরুল আকন্দ জানান।
নিহত নুরে আলম (২৮) দেওয়ান কান্দি গ্রামের মোস্তফা দেওয়ানের ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আকন্দ বলেন, দেওয়ান কান্দি গ্রামের বাসিন্দ মোস্তফা দেওয়ান ও মোয়াজ্জেম দেওয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।
“মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোয়াজ্জেমের লোকজন দেশি অস্ত্র নিয়ে মোস্তফার লোকদের উপর হামলা চালায়। এতে মোস্তফার ছেলে নুরে আলমসহ দুপক্ষের ১১ জন আহত হন।”
শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে আলমের মৃত্যু হয় বলে জানান তিনি।
