২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ২ গৃহবধূর মৃতদেহ উদ্ধার

নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; যাদের হত্যা করা হয়েছে অভিযোগ স্বজনদের।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 08:15 PM

Updated : 25 Jul 2022, 09:07 PM

শনিবার ও শুক্রবার রাতে সদরের সিমুলিয়া ও মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এরা হলেন সিমুলিয়া পশ্চিমপাড়ার হাসানের স্ত্রী লাকি আকতার (২৪) ও শিবগঞ্জ বাজার এলাকার সুদেব কুমার কুন্ডুর স্ত্রী শিউলী কুন্ডু (৪২)।

লাকির চাচা শামছুর রহমান মন্ডল বলেন, শুক্রবার বিকালে গ্রামের বাবলু মাতবর মোবাইল ফোনে তাকে জানান লাকি আত্মহত্যা করেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের বারান্দায় লাকির মৃতদেহ দেখতে পান।

“লাকির গলায় ক্ষতের দাগ রয়েছে। মাথার চুলও ছেঁড়া ছিল। এসব দেখে মনে হচ্ছে যৌতুকের দাবিতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”

নওগাঁ সদর মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাকির পরিবার দাবি করছে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, নিজ বাড়ির শোয়ার ঘর থেকে শিউলী কুন্ডুর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।