২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে আটক ‘জেএমবি’ তাওহীদ রিমান্ডে

রাজধানীর লালবাগ থেকে আটক ‘জেমবি’ মুফতি মাওলানা মো. তাওহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 07:04 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বৃহস্পতিবার বিচারিক হাকিম আহমেদ হুমায়ুন কবীর এ আদেশ দেন।

র‌্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে রাজধানীর লালবাগ থেকে মুফতি মাওলানা মো. তাওহীদুল ইসলাম ওরফে জুবায়ের ওরফে জুনায়েদ ওরফে আবু সাদকে (২৭) আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে জঙ্গিবাদী লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তাওহীদুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুর জেলার  রামগতি উপজেরায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুফতি মাওলানা মো. তাওহীদুল ইসলাম ২০০৫ সালে ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে হেফজ পাশ করে ঢাকার বিভিন্ন এলাকায় ছাত্র পড়ানোর কাজ শুরু করেন। এ সময় শাহজাহান নামের একজনের মাধ্যমে তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বা হুজিতে যোগ দেন।

হুজিতে থাকা অবস্থায় অন্য জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় এবং ২০১২ সালে সাজিদ নামের এক জেএমবি সদস্যের সঙ্গে পরিচয়ের পর তিনি জেএমবির কার্যক্রমে সম্পৃক্ত হন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১৬ সালের শুরুর দিকে হুজি ত্যাগ করে জেএমবির সারোয়ার গ্রুপে যোগ দেন তিনি। আরবিতে দক্ষতার কারণে তার এক ছাত্রের পরামর্শে ২০১৬ সালের মে মাসে তিনি ঢাকার তেজগাঁওয়ে একটি বাসা ভাড়া নিয়ে আরবি শিক্ষার কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন। এই কোচিং সেন্টারে জেএমবির ১২-১৫ জন সদস্য আরবি পড়া ও অর্থ বোঝার প্রশিক্ষণ নিত।

এর কিছুদিন পর তাওহীদ জেএমবির শীর্ষস্থানীয় সদস্য ইমরান আহমেদের সান্নিধ্যে আসেন এবং ইমরানের বাসায় ইমরান ও তার ছেলেকে আরবি পড়ানোর কাজ শুরু করেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ধীরে ধীরে ইমরান আহমেদের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। পরে ইমরানের পরামর্শে তার কোচিং সেন্টারটি স্থানান্তর করে ইমরানের বাসায় পুনঃস্থাপন করেন।

সংগঠনের সদস্যদের আরবি শেখানোর পাশাপাশি তওহীদুল ইন্টারনেটে প্রাপ্ত উগ্রবাদী মতামত, বিভিন্ন বার্তা ও বইসমূহ তিন অনুবাদ করে দিতেন। এভাবে তাওহীদ জেএমবির সারোয়ার গ্রুপের সদস্যদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেন। সর্বশেষ তিনি জেএমবির সারোয়ার গ্রুপের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ও সদস্যদের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করছিলেন বলে র‌্যাবের এই বিজ্ঞপ্তিতে জানানো হয়।