সিলেটের পথে ২ ঘণ্টা পর রেল চালু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের শুরু হয়েছে।
সিলেট রেলস্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর পুনরায় রেল যোগাযোগ শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেসের একটা বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এই রেললাইনটি সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র পথ।
আবদুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়ে।
শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার মো. জাফর আলম জানান, দুর্ঘটনার পরপরই রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে।
