নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক
নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ দুই বিক্রেতাকে আটক করেছে র্যাব।
উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামে অভিযান চালিয়ে রোববার রাতে তাদেরকে আটক করা হয় বলে র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান।
এরা হলেন লোকমান হোসেন (৫১) ও মো. ওবাইদুল রহমান টিটু (৩২)।
লোকমান ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলাইয়াপুর ইউনিয়ন থেকে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা রয়েছে।
টিটুর বিরুদ্ধেও মাদক, হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৭০০ ইয়াবা ও মাদক বিক্রির তিন লাখ ২৩ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব কর্মকতা জসিম উদ্দিন বলেন, লোকমান ও টিটু দীর্ঘদিন ধরে জগদ্বীশপুর গ্রামের একটি বাড়িতে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাদেরকে আটক করে।
দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
