২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নৈশ প্রহরীর স্ত্রীকে গলা কেটে হত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে এক নৈশ প্রহরীর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 01:21 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

উপজেলা পরিষদের কর্মচারী কোয়ার্টারে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাঈম মো. মারুফ খান জানান।

নিহত রিক্তা আক্তার (২৮) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসা ও কার্যালয়ের নৈশ প্রহরী মোর্তুজা মোল্লার স্ত্রী।

পরিবার নিয়ে উপজেলা পরিষদের কোয়ার্টারে থাকেন মোর্তুজা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোর্তুজাকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে বলে জানান মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান।

তিনি বলেন, রাত ২টার দিকে মোর্তুজার বাসায় কেউ ঢুকে তার স্ত্রী রিক্তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চেষ্টা করে। সেসময় রিক্তা তার তিন বছর বয়সী মেয়েকে নিয়ে রুম থেকে বের হয়ে আসেন।

“খবর পেয়ে ইউএনও তার গাড়িতে করে তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওই কোয়ার্টারের জানালা ভাঙ্গা পওয়া গেছে বলে জানান ওসি।

নিহতের চাচা আলামিন মোল্লা বলেন, টাকা-পয়সাসহ পারিবারিক বিরোধ নিয়ে মোর্তুজার সঙ্গে শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলছিল।

সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করায় রিক্তাকে গলা কেটে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।