ব্রাহ্মণবাড়িয়ার আ. লীগ নেত্রী খুনে গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার মধ্য রাতে তাদের গ্রেপ্তার করা হলেও পুলিশ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে রোববার দুপুরে।
গ্রেপ্তারা হলেন নবীনগরের জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের ধন মিয়ার ছেলে সাঈদ (৩৫) ও একই ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের আবুল কালামের ছেলেআবু জাহের (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, আবু জাহেরকে নবীনগরের জিনোদপুর ইউনিয়নের জিনোদপুর গ্রাম ও সাঈদকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার (২২ নভেম্বর) রাতে স্বপ্না আক্তারকে কুপিয়ে হত্যা করে একদল হামলাকারী।
এ ঘটনায় ওইদিন মধ্যরাতে স্বপ্নার ভাই আমির হোসেন সাত জনের নামে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর নামে এক সিএনজি অটোরিকশা চালককে আটক করে পুলিশ।
