২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা, চাচাত ভাই আটক

গাজীপুরের টঙ্গীতে জমির বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় এক ব্যবসায়ী নিহত হয়েছেন; আহত হয়েছেন তার স্ত্রী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 12:22 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

এ ঘটনায় নিহতের চাচাত ভাইকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

টঙ্গী বাজার এলাকায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে টঙ্গী থানার পরিদর্শক মো. হাসান জানান।

নিহত মো. ইয়াসিন (৩০) মুন্সীগঞ্জ সদরের নয়াগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে। পরিবার নিয়ে টঙ্গী বাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং টঙ্গী বাজার এলাকায় পাইকারী ডালের ব্যবসা করতেন।

তার আহত স্ত্রী রাবেয়া বশরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের খালাত ভাই মো. কাউসার জানান, টঙ্গীতে জমি নিয়ে ইয়াসিনের সঙ্গে তার চাচাত ভাই আবু বকরের (২২) বিরোধ চলছিল। শনিবার বিকালে আবু বকর টঙ্গীতে ইয়াসিনদের বাসায় বেড়াতে আসেন। জমিজমার আলোচনা ছাড়াও আবু বকর  ইয়াসিনকে তার জন্য একটি চাকরি যোগাড় করতে বলেছিলেন। নানা বিষয়ে কথাবার্তা বলে পাশের ঘরে শুতে যান আবু বকর।

“এক পর্যায়ে রাত আড়াইটার দিকে আবু বকর পাশের ঘর থেকে ইয়াসিনদের ঘরে ঢুকে ঘুমন্ত ইয়াসিনকে চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকেন।”

এ সময় তার স্ত্রী রাবেয়া বশরী ঘুম থেকে জেগে স্বামীকে বাঁচাতে গেলে আবু বকর তাকেও কুপিয়ে গুরুতর আহত করেন বলে জানান কাউসার।

তিনি আরও জানান, তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইয়াসিনকে মৃত ঘোষণা করা হয় এবং রাবেয়াকে ঢাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরিদর্শক মো. হাসান বলেন, “খুন করে পালানোর সময়  এলাকাবাসী আবু বকরকে আটক করে পুলিশে দিয়েছে। নিহতের গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।