২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডোবা থেকে মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবা থেকে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2017, 01:21 PM

Updated : 19 Aug 2022, 06:00 PM

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গীরদা দক্ষিণপাড়া এলাকা থেকে লাশটি তারা উদ্ধার করেন।

নিহত আবু সাঈদ খান ওই এলাকার বিরাম খানের ছেলে। তিনি এলাকায় একটি মুদির দোকান চালাতেন।

ওসি এম এ হক বলেন, ভোরে সাঈদের দোকান খোলা দেখে তার চাচাতো ভাই মোর্শেদ সাঈদের বাড়িতে খবর দেন।পরে সাঈদকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো হদিস মিলছিল না।

“এক পর্যায়ে স্থানীয় হাজী সামির আলীর ডোবায় সাঈদের লাশ দেখে তার স্বজনেরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”

তিনি বলেন, “নিহতের গলা মশারির কাপড় দিয়ে পেঁচানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

সাঈদের ছেলে নূরে আলম বলেন, “বাবা মুদি ব্যবসা করত ও রাতে দোকানেই থাকত। তার সঙ্গে কারও বিরোধ ছিল কি না- তা আমাদের জানা নেই। ”

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।