২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুম, অপহৃতদের উদ্ধারে আন্তরিক পুলিশ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল ইসলাম বলেছেন, যারা গুম ও অপহৃত হয়েছে তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 08:51 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

বৃহস্পতিবার গাজীপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

গাজীপুর পুলিশ লাইন মাঠে ওই অনুষ্ঠানে আইজিপি বলেন, “যারাই গুম হয়েছে, অপহরণ হয়েছে পুলিশ তাদের মামলা, জিডি নিয়ে উদ্ধারে তৎপর রয়েছে। এ ব্যাপারে আমাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে।

“আমাদের গোয়েন্দা সংস্থা, থানা পুলিশ সকলে মিলে চেষ্টা করছি। আমরা আশাবাদী তাদের উদ্ধার করা সম্ভব হবে।”

অতীতেও যারা অপহৃত হয়েছে তাদের অধিকাংশকেই পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে, বলেন তিনি।

রোহিঙ্গাদের পুলিশ প্রধান বলেন, “রোহিঙ্গারা যাতে কোনো অপরাধে জড়িয়ে না পড়ে তার জন্য আমরা গোয়েন্দাগিরি করছি। ক্যাম্প এলাকায় তাদের নিরাপত্তা দিতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থা কাজ করছে।”

জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজি মোহা. শফিকুল ইসলাম ও পুনাক সভাপতি শামসুন নাহার রহমান।

আরও ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহম্মদ হুমায়ুন কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।