২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্নালিজম বানান লিখতে না জানা লোকও সাংবাদিক: মোক্তাদির চৌধুরী

আওয়ামী লীগের সংসদ সদস্য র অ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন, অনেক সাংবাদিক আছেন যাদেরকে জার্নালিজম বানান লিখতে বললে পারবেন না।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 09:42 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

শনিবার সকালে শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি পার্টিকুলার কোনো এলাকার কথা বলছি না। 'এজ এ হোল' আমার অভিযোগ আছে।

“অনেক সাংবাদিক আছে তাদেরকে জার্নালিজম বানান লিখে আনতে বললে তারা সেটি লিখতে পারবেন না। কর্তৃপক্ষ লোক পায় না বলে তাদেরকেই নিয়োগ দিয়ে দিচ্ছে।”

স্থানীয় দুই সাংবাদিকের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের এ সংসদ সদস্য বলেন, তাদের হাঁটুর সমান বয়সী যারা আছে তারা তাদের চেয়ে অধিক অর্থ সম্পদ সংগ্রহ করে ফেলেছেন। সাংবাদিকতা ধনী হওয়ার সহজপথ। এটি ব্ল্যাকমেইল করার মুখ্য মাধ্যম।

“পকেটভারী করার জন্য সাংবাদিকরা অন্যের চরিত্রহনন এবং অপসংবাদ পরিবেশন করছেন।”

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।