টঙ্গীতে ২০ কেজি গাঁজা উদ্ধার, ৭ জনকে কারাদণ্ড
গাজীপুরের টঙ্গীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শরীফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় তাদের এই দণ্ড দেওয়া হয়।
এর আগে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দুই নারী ও পাঁচজন পুরুষ।
“তাদের মধ্যে ৫০ বছর বয়সী এক নারীকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা না দিলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে। এই নারীকে আগেও মাদকসহ একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। তিনি জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক বিক্রি শুরু করেন।”
অন্য ছয়জনকে ছয় মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা না দিলে তাদের আরও এক মাস করে কারাগারে থাকতে হবে বলে তিনি জানান।
