২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদকের বিবাদে ট্রেনের নিচে ফেলে হত্যা’

রাজশাহী নগরে মাদকসেবী আটকের ঘটনায় কয়েকজন নারীর বিবাদের মধ্যে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন, যাকে ট্রেনের নীচে ধাক্কা দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীর দাবি।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 09:47 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, শুক্রবার বিকালে দাশপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর কথিত মাদক বিক্রেতাদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা এক নারীর ঘরবাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিহত মাবিয়া খাতুন (৫৫) ওই এলাকার ভিকুর আলীর স্ত্রী।

ওসি হাফিজুর রহমান জানান, দুপুরে দাশপুকুর এলাকায় রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে একজন মাদকসেবীকে থানায় নিয়ে যায়।

“এর জের ধরে ওই এলাকার দুই প্রতিবেশী জরিনা ও মাবিয়ার মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে ট্রেনের নিচে পড়ে মাবিয়া নিহত হন।”

Image
স্বজনদের আহাজারি, ছবি-গুলবার আলী জুয়েল

স্বজনদের আহাজারি, ছবি-গুলবার আলী জুয়েল

তবে মাবিয়াকে কেউ ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে দিয়েছে কিনা তা তদন্ত করার আগে নিশ্চিত হওয়া যাবে না বলে জানান তিনি।

তিনি বলেন, ঘটনার পর জরিনা বাড়ি থেকে পালিয়ে গেছেন। বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শী শাহ আলম ও মামুন জানান, জরিনা একজন ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’। এক মাদকসেবী জরিনার বাড়ি থেকে মাদক দ্রব্য কিনে বের হওয়ার সময় সেখানে পুলিশ যায়। ওই সময় মাবিয়ার ছেলে নয়ন (১২) ওই মাদকসেবীকে দেখিয়ে দেয়; তখন পুলিশ ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায়।

তারা বলেন, পুলিশ চলে যাওয়ার পর চার নারী জরিনা, নাজমা, ঝর্ণা ও রহিমা মিলে মাবিয়ার ছেলেকে মারপিট করেন। খবর পেয়ে সেখানে মাবিয়া গেলে ওই চার নারীর সঙ্গে তার ঝগড়া বাধে।

Image
ঘটনাস্থলে পুলিশ, ছবি-গুলবার আলী জুয়েল

ঘটনাস্থলে পুলিশ, ছবি-গুলবার আলী জুয়েল

শাহ আলম বলেন, “ওই সময় ওই দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন যাচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে জরিনা ও নাজমা মিলে মাবিয়াকে ট্রেনের দিকে ধাক্কা দেন। এতে তিন লাইনের উপর পড়ে কাটা পড়েন।”

রেল পুলিশের রাজশাহী থানার এসআই আসলাম হোসেন জানান, এ ঘটনার পর এলাকার লোকজন বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা জরিনার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হবে।