২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সিল-স্বাক্ষর জাল, গ্রেপ্তার যুবক রিমান্ডে

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল তৈরি করে জালিয়াতির অভিযোগে কিশোরগঞ্জে গ্রেপ্তার এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) পেয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 04:35 PM

Updated : 12 Apr 2022, 12:38 AM

বৃহস্পতিবার কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল মাহমুদ এ আদেশ দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার এসআই মো. মেহেদী হাসান জানান।

গ্রেপ্তার আরাধন চন্দ্র দে (২৪) মিঠামইন উপজেলার ঢাকি ঠাকুরপাড়া গ্রামের নিত্য গোপাল দের ছেলে।

এসআই মেহেদী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

তিনি বলেন, আরাধন চন্দ্র দে জেলা ও দায়রা জজ আদালতে অফিস সহায়ক পদে চাকরির জন্য আবেদন করেন। আগামী ১০ নভেম্বর ওই পদের লিখিত পরীক্ষার হওয়ার কথা রয়েছে।

“গত ৩০ অক্টোবর রাষ্ট্রপতির চিঠির কথা বলে আরাধন চন্দ্র জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তার নিয়োগের জন্য সুপারিশ করে চিঠিতে রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল দেখে সন্দেহ হলে জেলা ও দায়রা জজ পুলিশকে খবর দেন।”

পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পরদিন শহরের বত্রিশ এলাকায় তাদের ভাড়া বাসা থেকে পুলিশ রাষ্ট্রপতির একটি নকল সিল উদ্ধার করে বলে জানান তিনি।

এ ঘটনায় জেলা জজ আদালতের নাজির অশোক কুমার পাল বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় প্রতারনার অভিযোগে মামলা করেছেন।