বাগেরহাটে এক আসামিকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাতিসহ ১৬টি মামলার আসামি কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতরা।
মঙ্গলবার উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর বাজারে এ ঘটনা ঘটে বলে মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান।
নিহত মানছুর শেখ (৩৫) উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের শেখ আব্দুল বারেকের ছেলে।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র আইনে ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি রাশেদুল।
একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, বিকালে ৬/৭ জন লোক ধারালো অস্ত্র দিয়ে মানছুরকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এরপর ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে চলে যান।
হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “বৈলপুর বাজারের রাস্তায় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি সেখানে গিয়ে দেখি তার গলাসহ শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে আমি পুলিশকে খবর দিই।”
ওসি রাশেদুল বলেন, চেয়ারম্যান দেওয়া খবরে মানছুরের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
কি কারণে কারা কেন মানছুরকে হত্যা করা হয়েছে তা নিয়ে কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
