২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

কিশোরঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 10:09 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

সোমবার উপজেলার থানাঘাট ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে বলে পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন জানান।

আহত ওসি সামসুদ্দিন ও কনস্টেবল রতন হোসেন, কবির হোসেনসহ অন্যরা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ওসি সামসুদ্দিন বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রেনুর সমর্থকরা থানাঘাট রাস্তায় লগি বৈঠাসহ একটি মিছিল করে। এ সময় প্রতিপক্ষ স্থানীয় এমপির সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে রেনুর সমর্থকদের ধাওয়া দেয়।

“এ পর্যায়ে সংঘর্ষ বরাটি চৌরাস্তা রাস্তার মোড়, চরফরাদি রাস্তার মোড় ও সিনেমা হল মোড়েও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।”

প্রায় দুই ঘন্টা চলা এ সংঘর্ষ ৬০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশসহ ২০ জন আহত হয় বলে জানান তিনি।