১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিল খাজা মোজাম্মেল ফাউন্ডেশন

সিরাজগঞ্জের ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১৩৬ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 08:42 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

Image
খাজা মোজাম্মেল হক (রঃ)ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

পুরানো খবর:

সিরাজগঞ্জের শিক্ষার্থীদের পাশে খাজা মোজাম্মেল ফাউন্ডেশন

সোমবার বেলকুচি উপজেলার তামাই প্রভাকর বিদ্যানিকেতন মাঠে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

চেয়ারম্যান খাজা টিপু বলেন, প্রত্যেকটি ছাত্রছাত্রীর সুপ্ত মেধাকে বিকশিত করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে ১৭ বছর আগে কাজ শুরু হয়। সেই উদ্দেশ্য অনেকখানি সফল।

“শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। মূল্যবান সময় নষ্ট না করে নিজেদেরকে সমাজ, দেশ ও জাতির জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোল।”

অনুষ্ঠানে জেলার আটটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার হাজারের বেশি ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ্, বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন প্রভাকর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল-মাহমুদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার ফজলুল হক ভাসানী।

এর আগে ‘মেধায় মাতি’ নামে একটি অনুষ্ঠান সম্পন্ হয়। এটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান।

এতে সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ছাড়াও ফাউন্ডেশনের সচিব জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, কুমিল্লা অঞ্চলের সমন্বয়কারী খুরশীদ আহম্মদ, ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়কারী মোহাম্মদ আলী, উত্তর অঞ্চলের সমন্বয়কারী আনসার আলী খান জয়, ঢাকা অঞ্চলের উপ-প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন ও উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ।