Published : 18 Sep 2026, 03:30 PM
এআই ও পিসির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আগামী মাসেই বিশেষ উইন্ডোজ ও সারফেস ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট।
৭ তারিখের ওই ইভেন্টে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের উপস্থিতিতে সারফেস ল্যাপটপ আল্ট্রা ও নতুন এআই উদ্ভাবন উন্মোচিত হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
পিসির ভবিষ্যৎ পথচলায় এআই কীভাবে ভূমিকা রাখবে সে বিষয়ে আলোচনা করতে স্যান ফ্রান্সিসকোতে এ বিশেষ ইভেন্টের আয়োজন করছে মাইক্রোসফট।
এনভিডিয়া তাদের উইন্ডোজের জন্য প্রথম সিস্টেম-অন-এ-চিপ ‘এনভিডিয়া আরটিএক্স স্পার্ক’ ঘোষণার কেবল কয়েক মাস পর ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে এ চিপের মাধ্যমে চলা ‘সারফেস ল্যাপটপ আল্ট্রা’ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এ ধারণাকে আরও জোরালো করছে ইভেন্টে উপস্থিত থাকার কথা থাকা এমন শীর্ষ নির্বাহীদের তালিকা।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্যিয়া নাদেলা, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও মাইক্রোসফটের উইন্ডোজ অ্যান্ড ডিভাইসেস বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট পাভান ডাভুলুরি এ ইভেন্টে উপস্থিত থাকবেন।
মাইক্রোসফটের ভাষ্য, এ তিন শীর্ষ ব্যক্তি উইন্ডোজ, এনভিডিয়া আরটিএক্স স্পার্ক, সারফেস ও সার্বিক পিসি ইকোসিস্টেমের ‘সর্বশেষ উদ্ভাবনগুলো’ সবার সামনে তুলে ধরবেন।
কম্পিউটিংয়ের ভবিষ্যতে সাধারণ কম্পিউটার সংক্রান্ত কাজের বড় অংশ এআই এজেন্টদের হাতে ছেড়ে দেওয়া মাইক্রোসফট ও এনভিডিয়ার যৌথ দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
মাইক্রোসফট এরইমধ্যে তাদের ‘প্রজেক্ট সোলারা’ ডিভাইসের মাধ্যমে এমন নতুন হার্ডওয়্যার প্রকাশ্যে নিয়ে এসেছে, যা এ ভবিষ্যতের অংশ হতে পারে।
তবে পিসিতে এআই মডেলগুলো চালানোর মতো যথেষ্ট শক্তিশালী কম্পিউটারগুলোও এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এনভিডিয়ার ‘আরটিএক্স স্পার্ক’ প্ল্যাটফর্ম ব্যবহার করা ‘সারফেস ল্যাপটপ আল্ট্রা’ ঠিক এই ধরনের কাজের ধারার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে।
বাজারে আসার দিনক্ষণ প্রকাশ না করেই ২০২৬ সালের জুনে ল্যাপটপটি ঘোষণা করেছিল মাইক্রোসফট।
অন্যান্য ল্যাপটপ নির্মাতা কোম্পানি তাদের নিজস্ব আরটিএক্স স্পার্ক ডিভাইস বাজারে আনলেও এগুলোর দাম ঠিক কত হতে পারে সে বিষয়ে এখনও স্পষ্ট ধারণা নেই।
মাইক্রোসফটের আসন্ন ইভেন্টটিই হতে পারে এসব পরিকল্পনা প্রকাশ করার উপযুক্ত জায়গা।