বিএনপি নেতা এমএ ওহাবের ৮ বছরের সাজা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঝিনাইদহ-১ আসনের সাবেক সাংসদ এম এ ওহাবকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সেই সঙ্গে ওহাবের দখলে থাকা ৯৩ লাখ ৩৬৯ টাকার অবৈধ সম্পদ জব্দ করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার যশোরের বিশেষ জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা নয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
জামিনে থাকা ওহাব রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক আইনের একটি ধারায় শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি ওহাবকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
আর সম্পদের তথ্য গোপনের দায়ে আরেকটি মামলায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু।
মামলার বরাত দিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, এম এ ওহাব ২০০৮ সালের ১৫ মে তার সম্পদের হিসাব বিবরণী জমা দেন।
এরপর ওই বছরের ২৪ নভেম্বর দুদকের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ঝিনাইদহ সদর থানায় ওহাবের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৯ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন। পরে অভিযোগ গঠন করে আদালত ওহাবের বিচার শুরু করে।
এ দিকে রায় ঘোষণার পর সোমবার বেলা ১১টার দিকে যশোর প্রেস ক্লাবে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিপু বলেন, “এই রায় সরকারের নীল নকশার অংশ।”
ওহাবের সাজার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত শৈলকূপা উপজেলায় হরতালের ঘোষণা আসে সংবাদ সম্মেলন থেকে।
