খালেদাকে দেখতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত ৬
কক্সবাজারের রামুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে তার বহরে থাকা গাড়ির ধাক্কায় বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার রাতে কক্সবাজার শহর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কানন বড়ুয়া এ তথ্য জানান।
রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে শনিবার সকালে ঢাকা থেকে যাত্রা করে রাতে চট্টগ্রামে পৌঁছান খালেদা জিয়া। সেখানে রাতে অবস্থান করে রোববার বেলা সোয়া ১২টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে রাতে পৌঁছান জেলা সার্কিট হাউজে।
আগের দিন চট্টগ্রামের পথে থাকাকালে ফেনীতে খালেদার গাড়িবহরে হামলায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকজন সাংবাদিক আহত হন। এই প্রেক্ষাপটে শনিবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে হাজার হাজার বিএনপি নেতাকর্মী রাস্তায় দাঁড়িয়ে দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানান।
“সন্ধ্যা ৭টা-সোয়া ৭টার দিকে রামু বাইপাস এলাকা অতিক্রম করছিল ম্যাডামের গাড়িবহর। এ সময় তাকে দেখতে নেতাকর্মীরা হুমড়ি খেয়ে পড়েন। বহরের গাড়ির ধাক্কায় ছয় নেতাকর্মী আহত হন।”
আহতরা হলেন- শাহেদুল ওয়াহিদ (৩০), সাদ্দাম হোসেন (২৪), শিমুল উদ্দিন (২৫), মোহাম্মদ ইসমাঈল (১৭), মোহাম্মদ নয়ন (১৬) ও সাদ্দাম হোসেন (২৫)।
এদের সবাইকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দুই সাদ্দামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে ছাত্রদল নেতা কানন জানান।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল ইফরান বলেন, গাড়ির ধাক্কায় ছাত্রদলের ছয় নেতা-কর্মী হাত-পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ওসি এম লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালেদা জিয়ার গাড়িবহর রামু বাইপাস এলাকা অতিক্রমের সময় আমি সেখানে ছিলাম। এমন কোনো কিছু আমি দেখিনি।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, “খালেদা জিয়ার বহরে থাকা গাড়ির ধাক্কায় বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।”
