বাগেরহাটে বাসের ধাক্কায় বাইক-আরোহী নিহত
বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী এক সুপারি বিক্রেতার মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
কাটাখালী হাইওয়ে থানার ওসি এ কে এম আজিজুল হক জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শুকদাড়া এলাকায় খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিযুষ চন্দ্র দাস (৫২) ওই উপজেলার বেতাগাঁ গ্রামের প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে।
ওসি আজিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটরসাইকেলটিকে একটি বাস ধাক্কা দিলে পিযুষ ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গী মোটরসাইকেল-আরোহী আরও একজন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ বাসটি শনাক্ত করার চেষ্টা করছে বলে তিনি জানান।
