হবিগঞ্জ শহরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
হবিগঞ্জ শহরে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে শহরের রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ওই সড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানায়, জিসান ও তার এক সহপাঠী মোটরসাইকেলে করে বৃন্দাবন কলেজ এলাকায় যাচ্ছিল।পথে রাজনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি ইয়াছিনুল।
দুর্ঘটনার পর ট্রাক চালক জামাল উদ্দিনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
