শ্রীপুরে ট্রাকে ট্রাকে সংঘর্ষে চালক নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন (২৫) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নলদা গ্রামের হাসেম আলীর ছেলে।
ওসি দেলোয়ার বলেন, রাতে মাওনা ফ্লাইওভারের উত্তর পাশে ঢাকাগামী একটি ট্রাকের পেছনে মাছভর্তি অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে এর চালক ঘটনাস্থলেই মারা যান। আর সামনের ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
স্বজনদের আবেদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মাছের ট্রাকটি থানায় পুলিশের হেফাজতে রয়েছে।
