২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রাকে কিশোরীকে ধর্ষণ: পরীক্ষায় আলামত মিলেছে

গাজীপুর থেকে নারায়ণগঞ্জের পথে চলন্ত ট্রাকে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ডাক্তারি পরীক্ষায় আলামত পাওয়ার কথা জানিয়েছেন মেডিকেল বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 12:04 AM

Updated : 19 Aug 2022, 05:13 PM

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) মেয়েটির (১৬) ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান।

ডাক্তারি পরীক্ষা শেষে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহানের আদালতে ওই কিশোরী জবানবন্দি দিয়েছেন।

এছাড়া মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ পেয়েছে পুলিশ।  

এদিকে, ওই কিশোরী মানসিক প্রতিবন্ধী বলে তার বাবা সাংবাদিকদের জানিয়েছেন।

আরএমও আসাদুজ্জামান জানান, কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষা করে মেয়েটিকে একাধিকবার একাধিক জন ধর্ষণ করেছে বলে আলামত পেয়েছে। 

ধর্ষণের কারণে মেয়েটি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, ধর্ষণের মামলায় আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। 

সোহেল আলম জানান, ডাক্তারি পরীক্ষা শেষে বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহানের আদালতে ওই কিশোরী জবানবন্দি দিয়েছেন। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হেফজতে নিয়ে যাওয়া হয়।

মামলায় বলা হয়, মঙ্গলবার বিকালে গাজীপুরের কাপাসিয়া মনিপুরের ওই মেয়েটি মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় রাতে তিনি চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করতে থাকলে ট্রাক চালকের সহকারী তুহিন তাকে মালবাহী ট্রাকে তুলে নেয়।

ট্রাকটি গাজীপুর থেকে নারায়ণগঞ্জে আসার পথে এয়ারপোর্ট এলাকায়, মতিঝিল ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চালক মেহেদী হাসান ও হেলপার তুহিন তাকে ছয় দফা ধর্ষণ করে।

ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসিআই এলাকায় ট্রাকটি মালামাল আনলোড করতে গেরে এলাকার লোকজন ট্রাকে কিশোরী দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদকালে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ কিশোরীকে উদ্ধার করে এবং ট্রাকটি আটক করা হয়।

ওইদিন রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে ট্রাকের চালক মেহেদী হাসান ও রাত ৩টার দিকে হেলপার তুহিনকে সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ওই কিশোরী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিদ্ধিরগঞ্জ থানা করা মামলার তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান্

তিনি জানান, কিশোরীর জামা কাপড়সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

ওই কিশোরীর বাবা সাংবাদিকদের বলেন, তার মেয়ে মানসিক প্রতিবন্ধী। সে রাগ করে বাসা থেকে বের হয়ে এলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক চালক ও সহকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পুরনো খবর:

ট্রাকে তুলে কিশোরীকে ধর্ষণ: সহকারী গ্রেপ্তার
ট্রাকে তুলে কিশোরীকে ‘ধর্ষণ’, চালক গ্রেপ্তার