২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাঁধ মেরামতে সেনাবাহিনী

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা তীরে হঠাৎ ভেঙে যাওয়া নির্মাণাধীন রিং বাঁধটি মেরামতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সেনাবাহিনীর একটি দলও মাঠে নেমেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 01:13 PM

Updated : 11 Oct 2022, 02:17 PM

পুরনো খবর:

সিরাজগঞ্জে বাঁধে ভাঙন, ঢুকছে যমুনার পানি

রতনকান্দি ইউনিয়নে বাহুকা এলাকার এই বাঁধটিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙন দেখা দিলে লোকালয়ে পানি ঢুকে আতঙ্ক সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, বঙ্গবন্ধু সেতু সেনাক্যাম্পের ইঞ্জিনিয়ারিং কোরের মেজর সাঈদের নেতৃত্বে একটি দল ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে ভেঙে যাওয়া ২০ মিটার বাঁধ মেরামতে বৃহস্পতিবার রাতেই কাজ শুরু করে।

ঘটনাস্থলে বাঁশের খুঁটি পুঁতে বালিভর্তি ব্যাগ ফেলতে দেখা গেছে। শুক্রবারই সংস্কার কাজ শেষ হতে পারে বলে জানান প্রকৌশলী সৈয়দ হাসান।

ভাঙনের কারণ সম্পর্কে হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি খড়ের পালার নিচে ইঁদুরের গর্ত দিয়ে প্রথমে পানি ঢোকে।

“গর্তটি বন্ধ করতে গেলে বাড়ির মালিক পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের লোকজনকে লাঞ্ছিত করায় বন্ধ করা সম্ভব হয়নি। এ কারণে গর্তটি বড় হতে হতে বাঁধ ভেঙে যায়।”

 

চলতি বছর মে মাসে ১৭৪০ মিটার দৈর্ঘে্যর এক বাঁধটি নির্মাণ শুরু হয় জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যেই এর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ২০ শতাংশ নির্মাণাকাজ শনিবার শুরু হবে।

বৃহস্পতিবার রাতে বাঁধটিতে ভাঙন দেখা দিলে যমুনার পানি বাহুকা, ইটালি, সিমলা, বালিঘুগরি, চিলগাছা, ভেওয়ামারা, গজারিয়া ও পাঁচঠাকুরীসহ আশপাশের এলাকায় ঢুকতে শুরু করে। এসব এলাকার বেশ কিছু লোকজন রাতেই বাড়িঘর অন্যত্র সরিয়ে নেয়।

খবর পেয়ে রাতেই সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আতংকিত লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বাঁধ ভাঙার খবরে উদ্বেগ প্রকাশ করে এলাকার মানুষকে শান্ত থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।