গাজীপুরে চাল আত্মসাৎ মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার
গাজীপুরে ১৫০০ ভিজিএফ কার্ডধারী হতদরিদ্রর জন্য বরাদ্দ ৯০ মেট্রিকটন চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর মোজাম্মেল হক নামে এক ব্যক্তির থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে তাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আলাউদ্দিন মোল্লা কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন বলে জানান উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কালিয়াকৈর থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আ. হাকিম মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ১৫০০ কার্ডধারী হতদরিদ্রের জন্য বরাদ্দ ৯০ মেট্রিকটন চাল চেয়ারম্যান আলাউদ্দিন আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
“মামলায় তিন ডিলারকেও আসামি করা হয়। এ মামলায় আত্মগোপনে থাকা চেয়ারম্যানকে মঙ্গলবার রাত ১০টার দিকে গ্রেপ্তার করে পুলিশ।”
সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান, হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল মৃত ব্যক্তি ও প্রবাসীদের নামে উত্তোলন করে কালোবাজারে বিক্রির অভিযোগও রয়েছে আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর দুদক তাকে সাভার থানায় রেখে যায় জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে তাকে থানায় রাখা হলেও যেকোনো সময় দুদক কর্মকর্তারা তাকে তাদের হেফাজতে নিয়ে যাবেন।
