বন্যায় বগুড়ার ৭২টি স্কুলে পাঠদান বন্ধ
বন্যায় পানিবন্দি হয়ে পড়ায় বগুড়ায় সরকারি–বেসরকারি ৬০টি স্কুলে পাঠদান বন্ধ রয়েছে।
মঙ্গলবার বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী জানান, সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ৬০টি সরকারি টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা আসছেনা।
সরেজমিনে সারিয়াকান্দি উপজেলার কামালপুর, ধুনট উপজেলার শিমুলবাড়ী ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের চারপাশে পানি থৈ থৈ করছে। বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্রও সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। আবার কোনটা খোলা থাকলেও শিক্ষকরা বিদ্যালয়ে আসলেও শিক্ষার্থীরা বন্যার কারণে আসতে পারছেনা।
ধুনটের গোসাইবাড়ী কেও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা লতিফা বেগম ও গোসাইবাড়ী এএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান বাবলু জানান, বোহাইলের চর, আওলাকান্দির চর, বৈশাখীর চরের অনেক শিক্ষার্থী যমুনার পানি বৃদ্ধির ফলে বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে আসতে পারছে না।
গোসাইবাড়ী কেও বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিয়া শাহীন জানান, বন্যায় গরীব শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হয়। ত্রাণের ব্যবস্থা করা হলেও শিক্ষার্থীদের ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায় তা কেউ দেখছে না।
ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যালয়ের চারপাশে পানি। শ্রেনী কক্ষে পানি উঠেছে। আমার শিক্ষকরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা আসছেনা।”
বগুড়া জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী জানান, “গরীব শিক্ষার্থীদের যারা বন্যায় ক্ষতিগ্রস্থ এবং বন্যার কারণে তাদের বাবা-মা পড়ালেখার সামগ্রী যোগান দিতে পারছেনা, তাদের বিষয়টি দেখবো। ওইসব শিক্ষার্থীদের পুর্নবাসনের আওতায় কিভাবে নিয়ে আসা যায় তা দেখছি।”
বন্যার কারণে যেসব বিদ্যালয়ে পরীক্ষা হয়নি সেসব স্কুলে পরবর্তীতে তা নেওয়ার ব্যবস্থা করা হবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র জানিয়েছেন।
