লক্ষ্মীপুরে অপহৃত কলেজছাত্রী নোয়াখালীতে উদ্ধার
লক্ষ্মীপুরে বাবা-মাকে মারধর করে অস্ত্রের মুখে অপহৃত কলেজছাত্রীকে নোয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে।
অপহরণের ২২ ঘণ্টা পর রোববার রাত সাড়ে ৮টায় নোয়াখালীর মাইজদী থেকে তাকে উদ্ধার করা হয় বলে লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেন জানান।
এ সময় মূল অপহরণকারী হেলালসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি লোকমান বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাবা-মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েটিকে অপহরণ করা হয়। দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিনজনসহ ১০ জনকে আসামি করে মামলা করেন।
পরে মোবাইল ট্র্যাকিং করে নোয়াখালীর মাইজদী থেকে মেয়েটিকে উদ্ধার ও হেলাল উদ্দিনসহ ছয় অপহরণকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
