২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় কুড়িগ্রামে ৬৭ স্কুলে পাঠদান বন্ধ

বন্যায় কুড়িগ্রামের ৬৭টি স্কুলে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 08:20 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

ধরলা, দুধকুমর, ব্রহ্মপুত্র, তিস্তাসহ ১৬টি নদ-নদীর পানি অপরিবর্তিত থাকায় জেলার নিম্নাঞ্চলের ৭৫ হাজার মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী জানান, বন্যায় জেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। ফলে পাঠদানে সাময়িকভাবে সমস্যা সৃষ্টি হয়েছে।

“এরমধ্যে সদরে ১১টি, চিলমারীতে ১৯টি, রৌমারীতে ১৫টি, রাজিবপুরে ৮টি, উলিপুরে ১১টি ও ভুরুঙ্গামারীতে তিনটি স্কুলে পানি উঠেছে।”

পাঠদান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের বিকল্প পদ্ধতি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার এক দশমিক ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর চিলমারী পয়েন্টে ২ সেন্টিমিটার কমে গিয়ে বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া ধরলা নদীর ব্রিজ পয়েন্টে ৪ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৯ সেন্টিমিটার হ্রাস পেয়েছে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

রোববার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বাসিন্দারা জানান, পাঁচ দিন ধরে পানিবন্দি হয়ে আছেন।এখন পর্যন্ত কোনো ত্রাণ পান নাই।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন, এখন পর্যন্ত কোনো চাহিদা পাই নাই। আগামীকাল ইউনিয়ন দুর্যোগ কমিটির সভায় সংশ্লিষ্টদের দুর্গতদের তালিকা করতে বলা হয়েছে।

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, চর ও দ্বীপচরগুলোতে পানি ওঠায় চারণভূমির ঘাস ও কাশিয়া তলিয়ে গেছে। দেখা দিয়েছে চরম গো-খাদ্য সংকট।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ জানান, সদরে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। খুব শিগগিরই পানিবন্দিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান,সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউনিয়ন ও উপজেলা কমিটিগুলো চাহিদা দিলেই বরাদ্দ দেওয়া হবে।