মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম
মাদক সেবনে বাধা দেওয়ায় সাতক্ষীরা সদর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে জখম করেছে এক ব্যক্তি।
উপজেলার কুশখালি গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বাবু।
আহত রওশন আরা ওই গ্রামের গোলাম রসুলের স্ত্রী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গোলাম রসুল।
লিয়াকত হোসেন বাবু বলেন, গোলাম রসুল দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও ইয়াবায় আসক্ত। এ নিয়ে স্ত্রী রওশন আরার সঙ্গে বিরোধ চলছিল।
“শনিবার রাতে ঘরে বসে মাদক সেবন করছিল গোলাম রসুল। এতে রওশন আরা বাধা দিলে ঘরের দরজা জানালা বন্ধ করে তাকে বেঁধে দা দিয়ে কোপায়। রওশনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দা হাতে নিয়ে পালিয়ে যায় গোলাম রসুল।”
পরে রওশনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনায় পাঠায়। সেখান থেকে রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
এ ব্যাপারে সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ না দিলেও ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেবেন।
