২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালিমার বিবর্ণ ঈদ

প্রতিবছর স্বামী-সন্তান নিয়ে আনন্দে কাটলেও এবারের ঈদটা হালিমার কাছে বিবর্ণ। পুলিশ প্রহরায় স্বামী-সন্তানের স্মৃতি নিয়ে দিন পার করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর ভিটিপাড়া গ্রামের গৃহবধূ হালিমা বেগম।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2017, 10:11 PM

Updated : 11 Oct 2022, 02:13 PM

পুরনো খবর:

ট্রেনের নিচে বাবা-মেয়ে: ‘বিচার না পাওয়ায় আত্মহত্যা’
বাবা-মেয়ের আত্মহত্যা: আয়শাকে যৌন নিপীড়নের কথা ‘স্বীকার’ ফারুকের
ট্রেনের নিচে বাবা-মেয়ে: পুলিশের গাফিলতি তদন্তে ৩ সদস্যের কমিটি
বাবা-মেয়ের আত্মহত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

দুই মাস আগে মেয়েকে ধর্ষণচেষ্টার ‘বিচার না পেয়ে’ মেয়ে আয়েশাকে (৮) সঙ্গে নিয়ে ট্রেনের নীচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিলেন হালিমার স্বামী হযরত আলী।

হযরত আলী একখণ্ড খাসজমিতে ঘর তুলে বসবাস করছিলেন স্ত্রী ও মেয়েকে নিয়ে। তিনি সেখানে গরু-ছাগল ও হাঁস-মুরগি পালন করতেন।

পুলিশের ভাষ্য, বিভিন্ন সময় তার গরু মানুষের ক্ষেতের ফসল খেয়ে ফেলত। এ নিয়ে এলাকার মানুষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

সরেজমিনে হালিমার বাড়ি গিয়ে জানা যায়, গত পাঁচ দিন ধরে হালিমার কাছে আসছে নানা জনের ঈদ উপহার। অন্যবার ঈদে ভালো জামা কাপড় কিনতে না পারলেও শাড়ি পেয়েছেন সাতটি। স্বামী-সন্তান হারানোর পর অভাব কিছুটা দূর হয়েছে, তবে এখনও নিরাপত্তা শঙ্কা করেছেন তিনি।

কেমন আছেন জানতে চাইলে বিলাপ করতে করতে হালিমা বলেন, মনে কোনো আনন্দ নেই, নেই কোনো ঈদের আয়োজন। আগেরবার অভাবের সঙ্গে স্বামী-সন্তানকে নিয়ে আনন্দের ঈদ, এবাব অভাব নেই কিন্তু বড় বিষাদের ঈদ।

“মাইয়াডা অনেক সাজুনী আছিল, ঈদের জামা কাপড় পাইলে অনেক ফূর্তি করতো, খুশি অইত, এহন আর চাওয়ারও লোক নাই, কিছু কিন্না দেওয়নের লোক নাই, আমার ঈদও নাই।”  

হালিমার নিকটাত্মীয় বলতে কেউ নাই, তাই অনেকটা একাই কাটবে তার এবারের ঈদ।

এক পর্যায়ে জানালেন হযরত আলীর সঙ্গে হালিমার পথচলার কথা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৩৫ বছর আগে কাজের জন্য গাজীপুরে এসে পরিচয় হয় ময়মনসিংহের গফরগাঁওয়ের হযরত আলীর সঙ্গে। দুইজনই ছিলেন স্বজনহারা, পরে প্রেমের সর্ম্পক থেকে দাম্পত্য জীবনের শুরু। আট বছরেও কোনো সন্তানের মুখ দেখতে না পেরে পাশের বেলাইদ গ্রাম থেকে আয়েশাকে দত্তক নেন।

জীবনের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে হালিমা বলেন, “এখনও আমার জীবন নিয়ে শঙ্কা কাটেনি। রাতের বেলা মাঝে মধ্যে অজ্ঞাত লোকজন বাড়ির আশপাশে ঘুরাফেরা করে। পরে নিরাপত্তায় থাকা পুলিশ, চৌকিদারের উপস্থিতি টের পেলে তারা চলে যায়।”

স্বামী-সন্তানের আত্মহত্যার ঘটনার পর থেকে রাতে পুলিশের একজন এসআই, অস্ত্রসহ একজন কন্সটেবল, গ্রাম পুলিশের চৌকিদার, একজন বিশেষ আনসারসহ মোট পাঁচজন, দিনেও পাঁচজন হালিমার নিরাপত্তায় নিয়োজিত থাকে।