২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বিদেশিকে আটকে রেখে অর্থ আদায়ের চেষ্টা, আটক ২

গাজীপুরে একটি পোশাক কারখানায় তিন বিদেশিকে আটকে রেখে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 04:30 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

মঙ্গলবার সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন জানান।

আটকরা হলেন সাইনবোর্ড এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নাসির উদ্দিন ও আব্দুল আজিজের ছেলে বিল্লাল হোসেন টিটু।

ওই তিন বিদেশি ওই এলাকার পেনডোরা ফ্যাশন লিমিটেডেচাকরি করেন।

কারখানাটির প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. আইয়ুব আলী জানান, কারখানার পাশে স্থানীয় কবির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন কারখানায় কর্মরত তিন চীনা নাগরিক। সোমবার দুপুরে বিদ্যুৎ চলে যাওয়ার পর ভুল করে বাসার পানির কল ছাড়া অবস্থায় বাইরে চলে যান তারা।

“ওই বাসার পানি পার্শ্ববর্তী ভাড়াটিয়ার রুমে গিয়ে বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে এমন অজুহাতে নাসির ও টিটু তাদের গালাগাল করেন।”

তিনি বলেন, পরে মঙ্গলবার সকালে তারা বাসা থেকে বের হয়ে কারখানায় আসার সময় টিটু ও নাসির গতিরোধ করে। এক পর্যায়ে তাদের ধরে পাশের একটি কক্ষে নিয়ে আটকে রেখে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করে।

এসআই জাকির বলেন, কারখানা কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে নাসির ও বিল্লালকে আটক করা হয়েছে।