সালিশে বিচ্ছেদের সিদ্ধান্ত, অন্তঃসত্ত্বা তরুণীর আত্মহত্যা
স্ত্রীর স্বীকৃতি না দিয়ে সালিশের মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত দেওয়ায় ফেনীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণী।
বুধবার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোধা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ছাগলনাইয়া থানার ওসি আবু জাফর মোহাম্মদ ছালেহ।
মৃত মায়া আক্তার ফেন্সি (১৮) গ্রামের জয়নাল আবদীনের মেয়ে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে।
জয়নাল আবদীন বলেন, ফেন্সির সঙ্গে একই গ্রামের আবদুল বারিকের ছেলে মো. হানিফের (২৫) প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ২২ মে ফেনী গিয়ে দুজনে বিয়ে করে।
“বিয়ের পর ফেন্সিকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় হানিফ। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাতে স্থানীয় নুর নবী ও জসিমের বাড়িতে সালিশ বৈঠক বসে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিনুর সভাপতিত্বে সালিশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন জানিয়ে তিনি বলেন, সেখানে ফেন্সিকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে বাড়িতে নিয়ে যেতে অস্বীকৃতি জানায় হানিফ ও তার পরিবার।
“আড়াই লাখ টাকার কাবিন হলেও সালিশদার শাহজাহান মিনু ও তার সহযোগীরা ৪০ হাজার টাকায় বিবাহ বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত দেন।”
ফেন্সি বাবা বলেন, “স্ত্রীর স্বীকৃতি ও সমাজপতিদের কাছে ন্যায় বিচার না পেয়ে বুধবার সকালে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের চালের বাঁশের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে ফেন্সি।”
ওসি আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি আত্মহত্যা হলেও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হবে।
তাছাড়া প্ররোচনাকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে তিনি।
