পণ্যজটে বেনাপোল বন্দর
বেনাপোল বন্দরে ধারণ ক্ষমতার বেশি পণ্য মজুদ থাকার পাশাপাশি খালাসে দীর্ঘসূত্রিতার কারণে সবসময় পণ্যজট লেগে থাকে।
এ কারণে আমদানিকারকদের ভোগান্তি পোহানো ছাড়াও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
বন্দর কর্তৃপক্ষ বলছে, নতুন অবকাঠামো উন্নয়ন কাজ চলছে। এ কাজ সম্পন্ন হলে পণ্যজট কমে আসবে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা পণ্য রাখার জন্য ৪০টি শেড রয়েছে, যার অধিকাংশেরই মেয়াদকাল অনেক আগেই শেষ হয়ে গেছে। এছাড়া রয়েছে ওপেন ইয়ার্ড পাঁচটি, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড একটি, ট্রাক টার্মিনাল তিনটি।
“এসব গুদামে পণ্য ধারণ ক্ষমতা প্রায় ৫০ হাজার মেট্রিক টন। কিন্তু সব সময়ই বন্দরে ৯০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টন পণ্য মজুদ থাকে।”
বেনাপোল স্থলবন্দর ঘুরে দেখা গেছে, জায়গার অভাবে খোলা স্থানে পড়ে আছে বিভিন্ন ধরনের মেশিনারিজ, গাড়ি ও ক্যামিকেলসহ শত শত কোটি টাকার পণ্য। রোদবৃষ্টিতে নষ্ট হচ্ছে পণ্যের গুণগত মান। বন্দরের শেডে জায়গা না থাকায় শেডের বাইরে রেললাইনের পাশের গর্তে পড়ে আছে ভারত থেকে আমদানি করা বিভিন্ন ধরনের গাড়ি। সামান্য বৃষ্টি হলে বন্দরে জমে হাঁটু পানি। বৃষ্টির পানি-কাদায় নষ্ট হয় পণ্য।
বেনাপোল স্থলবন্দরে বিপুল টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে বন্দরের উন্নয়ন কাজ করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো লিমিটেড। দুই বছরের মধ্যে তাদের এই কাজ সম্পন্ন করার কথা রয়েছে। এসব উন্নয়ন কাজের মধ্যে রয়েছে নতুন দুটি গুদাম, চারটি ওপেন শেড, পানি নিষ্কাশনের ড্রেন, বন্দরের অভ্যন্তরের সড়ক ও ইয়ার্ড নির্মাণ।
বেনাপোলের ‘কপোতাক্ষী এজেন্সিজ’-এর স্বত্বাধিকারী মশিয়ার রহমান বলেন, একটি ট্রাক বন্দরে একদিন অপেক্ষা করলে ব্যবসায়ীদের দুই হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয়। অনেক সময় মালামাল খালাস করতে সাত থেকে ১০ দিন সময় লেগে যায়। এই ক্ষতিপূরণ আমদানিকারককেই দিতে হয়।
গুদামে পর্যাপ্ত জায়গা না থাকার কারণেই পণ্য খালাসে সময় বেশি লাগে বলে তার ভাষ্য।
বেনাপোল বন্দর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় মাত্র তিন ঘণ্টায় কলকাতা থেকে পণ্য নিয়ে আসা যায় এই বন্দরে।
