চুয়াডাঙ্গায় ডাকাতদের হামলায় আহত ২
চুয়াডাঙ্গা সদরে ডাকাতদের হামলায় দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে ঘোড়ামারা ব্রিজের কাছে কয়েকটি গাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঝিনাইদহের শিকারপুর গ্রামের আব্দুল হামিদ (৩০) ও চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রামের শামিম হোসেন (৩০)।
এদের মধ্যে হামিদ ট্রাক চালকের সহকারী আর শামিম বাস যাত্রী। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি তোজাম্মেল বলেন, “রাতে সড়কে গাছের গুড়ি ফেলে ঢাকাগামী কয়েকটি ট্রাক ও বাসে ডাকাতি করে। এসময় ওই দুজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতরা পালিয়ে যায়।”
কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানাতে পারেনি নি এ পুলিশ কর্মকর্তা।
