২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র মামলায় দুইজনের ১৭ বছরের দণ্ড

খুলনায় অস্ত্র মামলায় দুই যুবককে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 09:44 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর গিলাতলা দক্ষিণ পাড়ার মৃত ওমর আলির ছেলে মো. মিজান (২৬) ও একই এলাকার আবেদ আলির ছেলে মো. সাঈদ আলি (২৬)।

রায় ঘোষণার সময় মিজান আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন এপিপি মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৩ সালের ২৭ জুলাই রাতে গিলাতলা দক্ষিণ পাড়ার বালিরঘাট শাহাজাহানের বাড়ির পাশে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ডাকাত দলের সদস্য মিজান ধরা পড়েন।

“পরে তার স্বীকারোক্তিতে জানা যায় অস্ত্রটি তিনি একই এলাকার সাঈদ আলির কাছ থেকে কিনেছেন।”

এ ঘটনায় র‌্যাব-৬ খুলনার উপ-সহকারী পরিচালক বিদ্যুৎ চন্দ্র দে বাদী হয়ে মিজান ও সাঈদের বিরুদ্ধে মামলা করেন।একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।