‘সালাম না দেওয়ায়’ শিক্ষার্থীকে মারধর ছাত্রলীগ কর্মীর
‘সালাম না দেওয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে রড ও হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জানান, সোমবার রাতে ক্যাম্পাসে এ মারধরের ঘটনায় আহত তৌকির আহমেদকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তৌকির নড়াইলের লোহাগাড়ার হারুন অর রশিদের ছেলে।
এ ঘটনায় অভিযোগের মুখে থাকা তানভীর একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী তানভীর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর।
হাসপাতালের চিকিৎসক ইকবাল হাসান বলেন, “তৌকিরের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাকে রড বা হাতুড়ি জাতীয় কিছু দিয়ে মারধরের কারণে শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে গেছে।”
আশঙ্কামুক্ত হলেও তার সুস্থ হতে সময় লাগবে বলে এ চিকিৎসক জানান।
তৌকিরের সহপাঠীরা জানান, সোমবার সন্ধ্যায় তৌকির হল থেকে বেরিয়ে নাস্তা করার জন্যে দোকানে যাচ্ছিল। পথে তানভীরসহ কয়েকজনের সাথে তার দেখা হয়।
তৌকির তাদের দেখে ‘সালাম দেয়নি কেন?’ প্রশ্ন তুলে তানভীর ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে জখম করে ফেলে যায় বলে অভিযোগ তাদের।
তারা জানান, মারধরের ঘটনা অনেকে দেখলেলেও কেউ বাধা দেয়নি। পরে তারা তৌকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রক্টর আউয়াল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে হাসপাতালে তৌকিরকে দেখতে গিয়ে আমি বিস্মিত হয়েছি। কেউ সামান্য অজুহাতে এভাবে মারধর করতে পারে দেখে সত্যিই খারাপ লেগেছে।”
এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত বলেন, “তানভীর কাউকে মারধর করেছে বলে আমি শুনি নাই।”
সেইসঙ্গে তানভীর এ ঘটনা ঘটাতে পারে না বলে দাবি করেন তিনি।
