২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানীনগরের সহিংসতা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের আগে সহিংসতা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 07:50 PM

Updated : 19 Aug 2022, 03:51 PM

সোমবার বিকালে ওসমানীনগর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা বাহিনী, প্রার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনের আগে আর যাতে কোনো অঘটন বা সহিংসতা না হয় এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন রফিকুল।

ওসমানীনগরের ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, রোববার যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। এ ধরনের ঘটনার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।

রোববার উপজেলার সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়া গ্রামে আওয়ামী লীগ প্রার্থী মো. আতাউর রহমান ও বিদ্রোহী আখতারুজ্জামান চৌধুরী জগলুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে দুই জন মারা যায়।আহত হয়েছেন অন্তত ২০ জন।

নিহতদের মধ্যে একজন আতাউর রহমানের এবং একজন জগলুর সমর্থক বলে পুলিশ জানিয়েছে।

ঘোষিত তফশিল অনুসারে আগামী ৬ মার্চ সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদে ভোটগ্রহণের কথা রয়েছে।

মতবিনিমিয়ে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মো.মনিরুজ্জামান,সিলেটর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এজহারুল হক, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী, ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ আতাউর রহমান, বিদ্রোহী মো. আখতারুজ্জামান চৌধুরী জগলু, বিএনপির ময়নুল হক চৌধুরী এবং জাতীয় পার্টির মো. শিব্বির আহমদ প্রমুখ।