রাজশাহীতে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২
রাজশাহীর পুঠিয়ায় চুরির অভিযোগে শিশুকে ট্রাকের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান এ কথা জানান।
এরা হলেন, বাস চালক আক্কেল আলী ও পুঠিয়ার খান ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম। তাদের বাড়ি উপজেলার বারোইয়াপাড়া গ্রামে।
পরিদর্শক রাকিবুল বলেন, “বাসের যন্ত্রাংশ চুরির অভিযোগে মঙ্গলবার ভোরে দিকে বিপি পরিবহনের চালক, সুপারভাইজার ও অন্যরা নাজমুল হক নামে এক শিশুকে ট্রাকের বাম্পারের সঙ্গে বেঁধে কয়েক ঘণ্টা নির্যাতন করে।পরে নাজমুলের মাথার চুল কেটে দেয় এবং মুখে তেল মেখে দেয়।”
সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ শিশুটিকে উদ্ধার হেফাজতে নেয় বলে জানান তিনি।
এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে মঙ্গলবার দুপুরে শিশুর বাবা হাফিজুর রহমানের করা মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পরিদর্শক রাকিবুল।
