ফেনী থানার ফটকের নামফলক ভাঙল ‘মেয়রের নির্দেশে’
ফেনী মডেল থানার প্রধান ফটকের নামফলক উন্মোচনের দুইদিন পর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পৌর মেয়রের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকালে ওই ফলক ভাঙার দৃশ্য থানার ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে।
গত রোববার (১৯ ফেব্রুয়ারি) পুলিশ সুপার রেজাউল হক এই ফলকটি উন্মোচন করেন বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদ খাঁন চৌধুরী জানিয়েছেন।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন ও প্যানেল মেয়র নজরুল ইসলাম নিয়াজি স্বপনসহ আট আট থেকে ১০ জন কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা-কর্মী বিকাল ৪টা ৪৪ মিনিটে ফেনী মডেল থানার প্রধান ফটকের সামনে এসে দাঁড়ান।
পরে আলাউদ্দিনের নির্দেশনায় দুই ব্যক্তি শাবল ও হাতুড়ি দিয়ে মোজাইক পাথরের নাম ফলকটি ভাঙতে শুরু করে।
আড়াই মিনিটের মধ্যে ভাঙার কাজ শেষে করে পৌরসভার ময়লাবহনকারী গাড়ি করে ভাঙা আবর্জনা অন্যত্র সরিয়ে নিতে দেখা যায় ফুটেজে।
ঘটনার পর জেলা প্রশাসক মো. আমিন-উল আহসান ও পুলিশ সুপার রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেজাউল হক বলেন, নামফলক ভেঙে ফেলার বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বর্তন মহলকে জানিয়েছেন। উপরের নির্দেশ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদ খাঁন চৌধুরী জানান, ফলক উন্মোচনের দিন নির্ধারিত করে তিনি গত ১৭ ফেব্রুয়ারি পৌর মেয়র হাজী আলাউদ্দিনকে আমন্ত্রণ জানান।
তবে ফলক ভাঙার সময় জরুরি কাজে থানার বাইরে অবস্থান করছিলেন বলে জানান পরিদর্শক রাশেদ।
এ বিষয়ে জানতে মেয়র আলাউদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে নাম না প্রকাশ করার শর্তে এক কাউন্সিলর বলেন, ওপরের নির্দেশে তিনি ও অন্য কাউন্সিলররা তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
